মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬,

৬১ হাজার টন গম নিয়ে যুক্তরাষ্ট্রের জাহাজ ভিড়ল চট্টগ্রামে

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৫, ২০২৫, ০৭:৫৫ পিএম

৬১ হাজার টন গম নিয়ে যুক্তরাষ্ট্রের জাহাজ ভিড়ল চট্টগ্রামে

যুক্তরাষ্ট্র থেকে আরও ৬০ হাজার ৯৫০ টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। এই নতুন চালান আসার ফলে এ পর্যন্ত চার দফায় মোট ২ লাখ ৩৯ হাজার ৫৮৬ টন গম দেশে এসে পৌঁছেছে।

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের চলমান আমদানি প্রক্রিয়ার অংশ হিসেবে এই গম এসেছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী নগদ ক্রয় চুক্তি জি-টু-জি-০১ এর অধীনে।

যুক্তরাষ্ট্র থেকে গমবাহী জাহাজ MV LOWLANDS PATRASCHE চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জি-টু-জি (গভর্নমেন্ট-টু-গভর্নমেন্ট) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে মোট ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে।এই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথম চালানে ৫৬ হাজার ৯৫৯ টন গম গত ২৫ অক্টোবর, দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮০২ টন গম ৩ নভেম্বর এবং তৃতীয় চালানে ৬০ হাজার ৮৭৫ টন গম ১৫ নভেম্বর দেশে আসে।

সর্বশেষ এই চালান অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে এবং বাজারে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খাদ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার ফল পাওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে দ্রুত সারাদেশের বাজারে এই গম সরবরাহ করা যায়।