বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগ

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৪, ২০২৬, ১২:৫০ পিএম

বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং সংস্থাটির চার কমিশনার একযোগে পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার সকালে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে তাঁরা এই পদত্যাগপত্র জমা দেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে যে আজই নতুন চেয়ারম্যান ও কমিশনারদের নিয়োগ দেওয়া হতে পারে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে তাঁরা এই পদত্যাগ করেছেন। 

পদত্যাগ করা চার কমিশনার হলেন মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ এবং মো. সাইফউদ্দিন। নতুন চেয়ারম্যান হিসেবে একটি বহুজাতিক কোম্পানির শীর্ষ কর্মকর্তার নাম আলোচনায় রয়েছে। এছাড়া নতুন কমিশনারদের তালিকায় সনদপ্রাপ্ত হিসাববিদ, আইনজীবী এবং ব্রোকারেজ হাউসের প্রতিনিধি থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

পদত্যাগের পর খন্দকার রাশেদ মাকসুদ তাঁর নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেছেন।বিএসইসির পক্ষ থেকে দেওয়া এক বার্তায় তিনি জানান যে একুশ মাস আগে একটি অস্থির সময়ে তিনি নেতৃত্ব গ্রহণ করেছিলেন। দায়িত্ব নেওয়ার পরই আইনি কাঠামো ও বাজার শৃঙ্খলা ফেরাতে সংস্কার কাজ শুরু হয়। ইতিমধ্যে পাঁচটি বিধিমালা গেজেট আকারে প্রকাশ করেছে বিএসইসি।

করপোরেট গভর্ন্যান্স, নিরীক্ষা ও পুনর্গঠন সংক্রান্ত তিনটি খসড়াও জনমতের জন্য প্রকাশ করা হয়েছে। পাশাপাশি বিএসইসি আইন ও ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের খসড়া তৈরি করা হয়। বাজারে শৃঙ্খলা আনতে সব ধরনের হস্তক্ষেপ বন্ধ করে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছিল বলে তিনি দাবি করেন।