বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

বিএসইসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন মাসুদ খান

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৪, ২০২৬, ০৩:৩২ পিএম

বিএসইসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন মাসুদ খান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের বর্তমান চেয়ারম্যান মাসুদ খান। আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব ফারজানা জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়েছে। 

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন অনুযায়ী তাঁকে চার বছরের জন্য এই দায়িত্ব প্রদান করা হয়েছে।যোগদানের তারিখ থেকেই তাঁর নিয়োগ কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে তাঁকে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। মাসুদ খান ২০২০ সালের জুলাই মাস থেকে ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ক্রাউন সিমেন্ট গ্রুপের প্রধান উপদেষ্টা এবং গ্রুপ সিইও হিসেবেও কাজ করেছেন। 

দীর্ঘ ৪৩ বছরেরও বেশি সময় ধরে শীর্ষস্থানীয় স্থানীয় ও বহুজাতিক কোম্পানিতে তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে।তাঁর বর্ণাঢ্য কর্মজীবনের বড় অংশ জুড়ে আছে আর্থিক খাতের নেতৃত্ব।তিনি লাফার্জ হোলসিম বাংলাদেশে আঠারো বছর প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বিভিন্ন পদে দেশে ও বিদেশে বিশ বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। 

এছাড়া সিঙ্গার বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির প্রধান হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন।এর আগে বিএসইসির সাবেক চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও চার কমিশনার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন। নতুন চেয়ারম্যান নিয়োগের মধ্য দিয়ে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থায় নেতৃত্বের এই শূন্যতা পূর্ণ হলো।