জুন ৯, ২০২৬, ০৫:৫১ পিএম
ইসলামী ব্যাংকে চলমান অস্থিরতার জেরে দেখা দিয়েছে তীব্র তারল্য সংকট। ব্যাংকটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের তথ্যমতে, নতুন চেয়ারম্যানের নিয়োগ বিতর্ককে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে গ্রাহকরা ইতোমধ্যে ব্যাংকটি থেকে প্রায় ৪ হাজার কোটি টাকার আমানত তুলে নিয়েছেন। এই সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার জরুরি তারল্য সহায়তা চেয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
ব্যাংকের একটি সূত্র জানায়, তাদের প্রিন্সিপাল অ্যাকাউন্টে বর্তমানে সিআরআর (CRR) ঘাটতি দেখা দিয়েছে। এক সময় এই অ্যাকাউন্টে ৭ হাজার ১৫ কোটি টাকা স্থিত থাকলেও তা এখন মাত্র ২ হাজার ৬০০ কোটি টাকায় নেমে এসেছে।
সিআরআর সীমার নিচে চলে যাওয়ায় ব্যাংকটি এখন নিয়মিত লেনদেন ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে হিমশিম খাচ্ছে।মূলত গত ২৪ মে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই এই অস্থিরতা প্রকট হয়।
তার নিয়োগের প্রতিবাদে টানা নবম দিনের মতো ব্যাংকটির টাওয়ারের সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন গ্রাহক ও শেয়ারহোল্ডাররা। আওয়ামী লীগ শাসনামলে এস আলম গ্রুপের ঋণের বোঝা কাটিয়ে ব্যাংকটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও, নতুন এই অস্থিরতায় ফের বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ইসলামী ব্যাংক থেকে তারল্য সহায়তার আবেদন পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। অর্থনীতিবিদরা মনে করছেন, দ্রুত এই অস্থিরতা নিরসন না হলে দেশের অন্যতম বৃহৎ এই বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি দীর্ঘমেয়াদী আর্থিক সংকটের মুখে পড়তে পারে, যা সামগ্রিক ব্যাংকিং খাতের স্থিতিশীলতার জন্য উদ্বেগের বিষয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন