সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬,

টানা দুই দফায় বাড়ল সোনা-রুপার দাম: নতুন দর কত?

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৩, ২০২৬, ১১:৪২ পিএম

টানা দুই দফায় বাড়ল সোনা-রুপার দাম: নতুন দর কত?

দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো সোনা ও রুপার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এই নিয়ে দুই দফায় মূল্যবান এই ধাতুর দাম মোট ৬ হাজার ৫৯০ টাকা বৃদ্ধি পেল।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার মূল্যবৃদ্ধির কারণে এই সমন্বয় করা হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকেই নতুন এই দর কার্যকর হয়েছে। আজ ২২ ক্যারেটের পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকায় বেচাকেনা হচ্ছে।

সোনার পাশাপাশি বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৮৯৯ টাকায়, ২১ ক্যারেটের ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৩ টাকায় বিক্রি হচ্ছে। বাজুস স্পষ্ট করেছে যে, অলঙ্কারের মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে এবং বিক্রয়মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে বাড়তি কোনো ভ্যাট আদায় করা যাবে না।চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৮৬ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৪৩ বার দাম বৃদ্ধি ও ৪২ বার দাম কমানোর ঘটনা ঘটেছে।