সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

তিন দফা দাবিতে দেশজুড়ে প্রাথমিক শিক্ষকদের তিন দিনের কর্মবিরতি শুরু

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৫, ০১:০৯ পিএম

তিন দফা দাবিতে দেশজুড়ে প্রাথমিক শিক্ষকদের তিন দিনের কর্মবিরতি শুরু

তিন দফা দাবি আদায়ে দৃশ্যমান অগ্রগতি না পাওয়ায় দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আজ মঙ্গলবার থেকে তিন দিনের পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছেন।

এর ফলে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। পূর্ব ঘোষিত এই কর্মসূচি পালন করছে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাবেরা বেগম গতকাল রাতে জানান, দীর্ঘদিনের আন্দোলন সত্ত্বেও সরকারের পক্ষ থেকে আশ্বাসের বাইরে কোনো বাস্তব অগ্রগতি দেখা যায়নি।

যে তিনটি মূল দাবি নিয়ে শিক্ষকরা আন্দোলন করছেন, সেগুলো হলো: সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেড দেওয়া। ২. শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা। ৩. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন করা।তিনি বলেন, এই দাবিগুলোর বিষয়ে তারা দীর্ঘদিন ধরে সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন, কিন্তু কোনো সমাধান আসেনি। তাই বাধ্য হয়েই তারা পূর্ণ দিবস কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

শিক্ষকরা জানিয়েছেন, আজ মঙ্গলবার থেকে শুরু হওয়া এই কর্মবিরতি টানা তিন দিন চলবে। যদি এই সময়ের মধ্যে তাদের দাবি আদায়ে কোনো অগ্রগতি না হয়, তবে তাদের পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এর মধ্যে বার্ষিক পরীক্ষা বর্জন এবং আগামী ১১ ডিসেম্বর থেকে লাগাতার অনশনে যাওয়ারও ঘোষণা রয়েছে সংগঠনটির। এই কর্মবিরতির কারণে সারাদেশে প্রায় দেড় কোটি শিক্ষার্থীর পাঠদান ব্যাহত হচ্ছে।