সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

জকসু নির্বাচন পিছিয়ে দেওয়ায় অভিযোগ শিবির-ছাত্রদল প্রার্থীদের

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৭, ২০২৫, ১০:৫৯ পিএম

জকসু নির্বাচন পিছিয়ে দেওয়ায় অভিযোগ শিবির-ছাত্রদল প্রার্থীদের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ (জকসু) স্থগিত করা নিয়ে প্রার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও পালটা-পালটি অভিযোগ বিরাজ করছে। শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা অভিযোগ করছেন, ভূমিকম্পের নাম করে পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর জন্য ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়েছে।

অন্যদিকে, ছাত্রদল সমর্থিত প্যানেল যথাসময়ে নির্বাচনের দাবি জানিয়েছে।ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ২৭ নভেম্বর পর্যন্ত ক্লাশ পরীক্ষা বন্ধ ও ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইন ক্লাশের ঘোষণা দেয়।

এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন পূর্বনির্ধারিত ২৭ ও ৩০ নভেম্বরের প্রার্থীদের ডোপটেস্ট গ্রহণ স্থগিত করে। এর পরই নির্বাচন নিয়ে সন্দেহ ও অবিশ্বাস দানা বাঁধতে থাকে।

জকসু নির্বাচন ২২ ডিসেম্বর অনুষ্ঠিত না হলে, তা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে বলে অভিযোগ করছেন অনেক প্রার্থী।জকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান অভিযোগ করেন, সোমবারের মতবিনিময় সভায় অনেক প্রার্থী নির্বাচন পিছিয়ে দিতে বলেছিল, এখন তারা বিষয়টি অস্বীকার করছে। তিনি জানান, প্রচারণার সময় কমিয়ে এনে অথবা প্রচারণা চলাকালীন ডোপটেস্ট নেওয়ার পরিকল্পনা চলছে এবং এর ফলে পূর্ব নির্ধারিত সময়ে জকসু আয়োজন করা সম্ভব হবে।

নির্বাচন কমিশনের সিদ্ধান্তের সমালোচনা করে বুধবার রাতে ফেসবুক পোস্টে ক্ষোভ জানান শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলামসহ অনেকে।শিবিরের অভিযোগ: বৃহস্পতিবার বিকাল তিনটায় এক জরুরি সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাত, আচরণবিধি লঙ্ঘন এবং নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, বিদেশি ওহিতে জকসু পেছানোর ষড়যন্ত্র হলে শিক্ষার্থীরা মেনে নেবে না।

ছাত্রদলের দাবি: এর পরপরই এদিন বিকাল ৪টায় জরুরি সংবাদ সম্মেলন করে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী মো. রাকিব বলেন, পরিকল্পিতভাবে ক্যাম্পাসের সম্প্রীতির পরিবেশকে বিনষ্ট ও ঘৃণা ছড়ানোর হচ্ছে। তিনি পূর্ব ঘোষিত ২২ ডিসেম্বরেই নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।জাতীয় ছাত্রশক্তি সমর্থিত 'ঐক্যবদ্ধ জবিয়ান', বাম সমর্থিত 'মওলানা ভাসানী ব্রিগেড' প্যানেলসহ অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরাও পূর্ব ঘোষিত সময়ে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে।