রকিবুল হাসান মুন্না
নভেম্বর ২৭, ২০২৫, ১১:৪২ পিএম
ছবি-দিনাজপুর টিভি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) এবং হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ কে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে কমিশন স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এ তালিকা প্রকাশ করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও হলভিত্তিক মোট শিক্ষার্থীদের তথ্য যাচাই-বাছাই শেষে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে গতকাল বুধবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১১তম সিন্ডিকেট সভায় অনুমোদনের পর ব্রাকসু এবং হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ এর চূড়ান্ত নির্বাচনী নীতিমালা ও আচরণবিধিও প্রকাশ করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে।নির্বাচন কমিশন জানায়, ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে নির্বাচন প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে। এখন নির্ধারিত সময়সূচি অনুসারে মনোনয়ন, যাচাই-বাছাই, প্রচারণা এবং ভোটগ্রহণের বাকি ধাপগুলো সম্পন্ন করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, নির্বাচন-২০২৫ শিক্ষার্থীদের গণতান্ত্রিক অংশগ্রহণের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ক্যাম্পাসে প্রাণবন্ত পরিবেশ ফিরিয়ে আনবে।