বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,

জকসুতে শিবির সমর্থিত প্যানেলে ৪ নারী শিক্ষার্থী

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৫, ১২:৪৭ পিএম

জকসুতে শিবির সমর্থিত প্যানেলে ৪ নারী শিক্ষার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে অংশগ্রহণের জন্য ছাত্রশিবির সমর্থিত ২১ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। রিয়াজুল ইসলাম ও আব্দুল আলিম আরিফের নেতৃত্বে ঘোষিত এই প্যানেলে রয়েছেন চার নারী শিক্ষার্থী।

সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম প্যানেল ঘোষণা করেন।ছাত্রশিবির সমর্থিত প্যানেল 'অদম্য জবিয়ান ঐক্য'তে প্রতিদ্বন্দ্বিতাকারী নারী প্রার্থীরা হলেন:বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: সুখীমন খাতুন (বায়োকেমিস্ট্রি বিভাগ, ১৬ ব্যাচ)।

আন্তর্জাতিক সম্পাদক: নওশীন নাওয়ার জয়া (প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ)।নির্বাহী সদস্য: শান্তা আক্তার (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ১৭ ব্যাচ) ও ফাতেমা আক্তার অওরীন (লোকপ্রশাসন বিভাগ, ১৮ ব্যাচ)।

এই নারী প্রার্থীরা বৃহৎ পরিসরে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার সুযোগ পেতেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলে এসেছেন বলে জানিয়েছেন।সুখীমন খাতুন (ইসলামী ছাত্রী সংস্থার জবি শাখার সভানেত্রী) বলেন, "বৃহৎ পরিসরে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার সুযোগ পেতেই আমি ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচন করছি।"নওশীন নাওয়ার জয়া (ক্যাম্পাসের আন্দোলনের পরিচিত মুখ) জানান, "শিবির শিক্ষার্থীদের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। অপরাজনীতি না করা, সুশৃঙ্খলতা ও টিমওয়ার্কের ওপর গুরুত্ব দেওয়ায় ছাত্রশিবিরকে অন্যদের তুলনায় বেশি দায়িত্বশীল মনে হয়েছে।

শান্তা আক্তার বলেন, "আমার মনে হয়েছে, ছাত্রশিবির নারী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন করে। নির্বাচিত হলে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক‍্যাম্পাস নিশ্চিত করা হবে আমার মূল লক্ষ্য।"

ছাত্রশিবিরের এই প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম। সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ। সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক মাসুদ রানা।