সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

আটোয়ারীতে কিন্ডার গার্টেনের ৩২৮ শিক্ষার্থীর অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৫, ০৭:৪৪ পিএম

আটোয়ারীতে কিন্ডার গার্টেনের ৩২৮ শিক্ষার্থীর অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা

ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড়ের আটোয়ারীতে দুটি ভিন্ন সংস্থার অধীনে দুদিনব্যাপী বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন-এর আওতায় এবং আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালনায় ৮টি কিন্ডার গার্টেন স্কুলের ২৫৬ জন (কেজি থেকে ৮ম শ্রেণি) শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়।

অপরদিকে, সোভা সংস্থা পরিচালিত ‘সোভা আদর্শ শিক্ষা নিকেতন’-এর ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭২ জন (কেজি থেকে ৫ম শ্রেণি) বাছাইকৃত শিক্ষার্থীও একই সময়ে বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।

আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজ পরিচালিত ৮টি কিন্ডার গার্টেন স্কুল এবং সোভা সংস্থা পরিচালিত ৮টি স্কুলের শিক্ষার্থীদের এই বৃত্তি পরীক্ষা আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পৃথক পৃথক ভেন্যু ব্যবহার করে অনুষ্ঠিত হয়।

গত শুক্রবার (২৮ নভেম্বর) সকালে ইংরেজি ও বিকালে বাংলা এবং শনিবার (২৯ নভেম্বর) সকালে গণিত পরীক্ষার মাধ্যমে দুই দিনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়।সোভার আদর্শ শিক্ষা নিকেতনের বৃত্তি পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন সোভা সংস্থার নির্বাহী পরিচালক মো. আব্দুল মজিদ। অপরদিকে, কিন্ডার গার্টেনের বৃত্তি পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিতিশ চন্দ্র বর্মন।

কেন্দ্র পরিদর্শক টিম হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. তৈমুর রহমান, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ইউসুফ আলী, মানিকপীর সোনালী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ খাদেমুল ইসলাম।

কেন্দ্র সচিব নিতিশ চন্দ্র বর্মন জানান, উৎসবমুখর পরিবেশে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, "প্রতিযোগিতামূলক শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বছর শেষে এই মেধা যাচাই পরীক্ষা একজন শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ। আমরা শিক্ষার্থীদের উপজেলার সকলের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তাদের মেধা বিকাশে কাজ করে যাচ্ছি। প্রাথমিক শিক্ষায় মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে এই বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"