ডিসেম্বর ৮, ২০২৫, ১০:৫৫ এএম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। তাদের স্পষ্ট বক্তব্য, বিশ্ববিদ্যালয়টির অধ্যাদেশ হাতে না পাওয়া পর্যন্ত এই আন্দোলন তারা অব্যাহত রাখবেন।
সেই ঘোষণা অনুযায়ী আজ সোমবার, ৮ ডিসেম্বর, তারা ফের সড়ক অবরোধসহ ব্লকেড কর্মসূচি পালন করবেন। রবিবার সন্ধ্যায় শিক্ষা ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা এই কর্মসূচির ঘোষণা দেন।
শিক্ষার্থীদের মূল অভিযোগ হলো, দীর্ঘদিন ধরে দাবি জানানো সত্ত্বেও শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।
এর ফলে দেড় লক্ষাধিক শিক্ষার্থী বর্তমানে তীব্র পরিচয় সংকট এবং একাডেমিক অনিশ্চয়তায় ভুগছেন। এই অনিশ্চয়তা কাটাতে তারা সড়ক অবরোধ, অবস্থান এবং ঘেরাওসহ ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শিক্ষার্থীরা আরও অভিযোগ করেছেন যে, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করলেও চূড়ান্ত অধ্যাদেশের কাজ দীর্ঘদিন ধরে স্থবির হয়ে আছে।
এই স্থবিরতার কারণে বিশ্ববিদ্যালয়ের পরিচয় সংকট, পাঠদান নিয়ে জটিলতা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে তারা চরম বিপাকে পড়েছেন। তবে জনদুর্ভোগ এড়াতে তারা শিক্ষা ভবনের পাশে অবস্থান নিয়েই শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেছেন। শিক্ষার্থীরা জানান, চূড়ান্ত অধ্যাদেশ জারির মাধ্যমে তাদের এই একাডেমিক অনিশ্চয়তা দূর না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন থামবে না।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন