ডিসেম্বর ৮, ২০২৫, ০৭:১৩ পিএম
রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কাঠামোর পক্ষে-বিপক্ষে আন্দোলন চলার মধ্যেই এ নিয়ে একটি ব্যাখ্যা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া পরিমার্জন করে চূড়ান্ত করার কাজ চলছে।
এ কাজ সম্পন্ন করে ২৫ ডিসেম্বরের মধ্যে পরিমার্জিত খসড়ার ওপর আন্তঃমন্ত্রণালয় সভা করা সম্ভব হবে বলে আশা করছে মন্ত্রণালয়।সোমবার (৮ ডিসেম্বর) এই ব্যাখ্যা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর খসড়া অধ্যাদেশটি ওয়েবসাইটে প্রকাশের পর শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজনসহ বিভিন্ন মহল থেকে ৫ হাজারের বেশি মতামত এসেছে।
এসব মতামত আইনগত ও বাস্তবতার আলোকে বিশ্লেষণ করে খসড়াটি চূড়ান্ত করা হচ্ছে।চূড়ান্তকরণের পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, সেটিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে সাত কলেজের অধ্যক্ষ, শিক্ষক প্রতিনিধি, অন্তর্বর্তী প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউজিসির সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা চলছে।অন্তর্বর্তী প্রশাসকের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে তিন ইউনিটে ভর্তি আবেদন গ্রহণ করা হয়, যেখানে ১০ হাজার ১৯৪ জন শিক্ষার্থী ভর্তি নিশ্চিত করেছেন।
মাউশি কর্তৃক অধ্যক্ষ ও শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে সভা করা হয়েছে। শিক্ষক প্রতিনিধিরা জানিয়েছেন, শীতকালীন ছুটি শেষে ১ জানুয়ারি ২০২৬ থেকে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু করা সম্ভব হবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিম্নোক্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনায় রেখেই খসড়া পরিমার্জন চলছে:সাত কলেজের স্বাতন্ত্র্য।নারী শিক্ষার সুযোগ সংকোচন না হওয়া এবং নারীদের জন্য নির্ধারিত কলেজগুলোর বৈশিষ্ট্য অক্ষুণ্ন রাখা।সম্পত্তির মালিকানা সুরক্ষা এবং মাধ্যমিক স্তরের কার্যক্রম বিঘ্নিত না হওয়া।সাত কলেজের সঙ্গে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কী ধরনের সম্পৃক্ততা থাকবে।
শিক্ষা মন্ত্রণালয় এই সময়সাপেক্ষ প্রক্রিয়ায় ধৈর্যশীল আচরণ কামনা করেছে এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার মানোন্নয়নের এক গুরুত্বপূর্ণ সুযোগ বলে মন্তব্য করেছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ন্যায্য স্বার্থ রক্ষা করে একটি ইতিবাচক একাডেমিক পরিবেশ গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন