বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

ঢাবি উপাচার্যের সঙ্গে অস্ট্রেলিয়ার অধ্যাপকের সাক্ষাৎ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২৫, ০৬:৩৮ পিএম

ঢাবি উপাচার্যের সঙ্গে অস্ট্রেলিয়ার অধ্যাপকের সাক্ষাৎ

অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ওলাভ মুরলিংক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) ঢাবি উপাচার্যের কার্যালয়ে এ গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের সহযোগী অধ্যাপক ড. দিলারা জাহিদ উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রধানত বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে দুর্যোগ ব্যবস্থাপনা এবং শিশু শিক্ষা বিষয়ে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সেন্ট্রাল কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ঢাবির তরুণ শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি ও কর্মশালা আয়োজনের বিষয়েও উভয় পক্ষ একমত পোষণ করে।উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সাধারণ মানুষের দোরগোড়ায় গবেষণার সুফল পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন:পরিকল্পনানীতি ও ব্যবহারিক একাডেমিক গবেষণার মধ্যকার ব্যবধান কমানো জরুরি। টেকসই উন্নয়ন ও সমাজঘনিষ্ঠ গবেষণার জন্য এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"এই সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের দুর্যোগপ্রবণ উপকূলীয় এলাকার মানুষের জীবনমান উন্নয়ন এবং শিশুদের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে নতুন নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।