ডিসেম্বর ২৩, ২০২৫, ১০:৫২ পিএম
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভৌত অবকাঠামো ও একাডেমিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ৫৭৬ কোটি ৯৬ লক্ষ টাকার একটি বিশাল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ২০২৫-২০২৬ অর্থবছরের ৭ম একনেক সভায় মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই মেগা প্রকল্পটি অনুমোদিত হয়।
প্রকল্পটির মূল লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের আবাসন সুবিধা সম্প্রসারণ, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি ও গবেষণা সুবিধা নিশ্চিত করা।
কি কি থাকছে এই মেগা প্রকল্পে? অনুমোদিত প্রকল্পের আওতায় ক্যাম্পাসে নির্মিত হবে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বিশাল সব স্থাপনা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
১২-তলা বিশিষ্ট ছাত্র হল ও ১২-তলা বিশিষ্ট ছাত্রী হল।
১২-তলা বিশিষ্ট শিক্ষক-কর্মকর্তা আবাসিক ভবন ও ১২-তলা একাডেমিক ভবন।
প্রশাসনিক ভবন ও মেডিকেল সেন্টারের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ।
জিমনেটরিয়াম কাম কনফারেন্স সেন্টার এবং ২-তলা বিশিষ্ট নিরাপত্তা অফিস।
আধুনিক ল্যাবরেটরি যন্ত্রপাতি, তথ্য প্রযুক্তি সরঞ্জাম ও গভীর নলকূপ স্থাপন।
অভ্যন্তরীণ আরসিসি রাস্তা, সারফেস ড্রেনেজ সিস্টেম এবং ৫০০ কেভিএ সাব-স্টেশন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রকল্পটি বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সমস্যার স্থায়ী সমাধান হবে। একই সঙ্গে অত্যাধুনিক ল্যাব ও আইটি সুবিধার মাধ্যমে উদ্ভাবন ও জ্ঞান সৃষ্টির কার্যক্রম আরও গতিশীল হবে।
এই বিশাল অর্জন প্রসঙ্গে হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, “এই প্রকল্প অনুমোদনের মাধ্যমে হাবিপ্রবির শিক্ষা ও গবেষণার পরিবেশ বিশ্বমানে উন্নীত হওয়ার পথ সুগম হলো।” তিনি এই যুগান্তকারী সিদ্ধান্তের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্ট উপদেষ্টামণ্ডলীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন