সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

জকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১, ২০২৬, ০৫:৩৬ পিএম

জকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৬ জানুয়ারি (মঙ্গলবার) এই নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল ৩টায় শিক্ষক সমিতি কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

সংবাদ সম্মেলনে ড. রইছ উদ্দীন বলেন, আগামী ৬ জানুয়ারিই জকসু নির্বাচন হবে। আমাদের শিক্ষকদের পক্ষ থেকে যতটুকু করণীয় আছে, তার সবটুকু করব ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, জকসু নির্বাচন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র সংসদ নির্বাচন। এখানে যেই নির্বাচিত হয়ে আসুক, সেই হবে বিশ্ববিদ্যালয়ের প্রথম ইতিহাস এবং শিক্ষার্থীদের প্রতিনিধি।

গত ৩০ ডিসেম্বর সিন্ডিকেট সভায় নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত এবং পরবর্তীতে সৃষ্ট পরিস্থিতির বিষয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষক সমিতির নেতারা।যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বেলাল হোসাইন বলেন,৩০ ডিসেম্বর সকালে উপাচার্যের ডাকা জরুরি সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত সব সদস্যই এর পক্ষে মত দেন। অথচ সভা শেষে উদ্দেশ্যমূলকভাবে এই সিদ্ধান্তের জন্য এককভাবে অধ্যাপক ড. রইছ উদ্দীনকে দায়ী করা হয়। তাঁর বিভাগীয় কক্ষে তালা লাগানো হয় এবং প্রশাসনবিরোধী স্লোগান দেওয়া হয়, যা শিক্ষক সমাজের মর্যাদা ক্ষুণ্ণ করেছে।

সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক জানান, জকসু নির্বাচনের নীতিমালা ড. রইছ উদ্দীনের নেতৃত্বেই প্রণীত হয়েছে। তিনি বলেন, মাত্র দেড় মাসের মধ্যে খসড়া নীতিমালা প্রস্তুত করে সিন্ডিকেট, ইউজিসি এবং মন্ত্রণালয়ের কমিটিতে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। অথচ কিছু শিক্ষার্থী ও মিডিয়া উদ্দেশ্যমূলকভাবে তাঁকেই দায়ী করছে, যা দুঃখজনক ও ন্যাক্কারজনক।শিক্ষক সমিতি এই ধরনের অপপ্রচার ও ঘৃণিত কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে।