সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নতুন কমিটি

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৫, ২০২৬, ১২:০৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নতুন কমিটি

২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নতুন নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুহা. মহিউদ্দিন। এছাড়া সেক্রেটারি হিসেবে আশিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মু. সাজ্জাদ হোসাইন খাঁন মনোনীত হয়েছেন।

সোমবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় রাজধানীর শহীদ মাহবুবুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত ঢাবি শাখার ‘সদস্য সমাবেশ’-এ এই কমিটি ঘোষণা করা হয়।

শিবিরের কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।

২০২৬ সেশনের সভাপতি নির্বাচনের লক্ষ্যে সদস্যদের মাঝে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত মুহা. মহিউদ্দিনকে সভাপতি হিসেবে ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি। এরপর নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করানো হয়।

শপথ গ্রহণ শেষে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মহিউদ্দিন শাখা সেক্রেটারি হিসেবে আশিকুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মু. সাজ্জাদ হোসাইন খাঁনের নাম ঘোষণা করেন। দোয়া ও মুনাজাতের মাধ্যমে এই সদস্য সমাবেশ সমাপ্ত হয়।দীর্ঘদিন পর প্রকাশ্য ছাত্র রাজনীতিতে ফেরার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের এই নতুন কমিটি গঠন ক্যাম্পাস রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করছে।