জানুয়ারি ৭, ২০২৬, ০৬:২৩ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। ৩৯টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ২৩টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে।
ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত দুই প্যানেলের মধ্যে ভোটের লড়াই বেশ জমে উঠলেও একটি কেন্দ্রে নজিরবিহীন ফল বিপর্যয় ঘটেছে শিবিরের প্রার্থীদের। বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবিরের কোনো প্রার্থী একটি ভোটও পাননি।
নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী, সংগীত বিভাগে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মাত্র ৪ ভোট।
বিপরীতে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ১২৫ ভোট। এই কেন্দ্রে বড় চমক ছিল জিএস ও এজিএস পদের ফলাফল। শিবিরের জিএস প্রার্থী আব্দুল আলীম এবং এজিএস প্রার্থী মাসুদ রানা এই বিভাগে ‘শূন্য’ ভোট পেয়েছেন। অন্যদিকে, এ বিভাগে ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী খাদিজাতুল কুবরা ৪৮ ভোট এবং এজিএস প্রার্থী তানজিল পেয়েছেন ১০৮ ভোট।
২৩ কেন্দ্রের সামগ্রিক ফলাফলে ভিপি পদে ছাত্রদল ও শিবিরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চললেও নির্দিষ্ট কিছু বিভাগে এমন একপাক্ষিক ভোট পাওয়ার বিষয়টি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনাররা। উল্লেখ্য যে, গত মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে জকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি ১৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণার প্রস্তুতি চলছে। এই কেন্দ্রের ফলাফলগুলো চূড়ান্ত ফলে কেমন প্রভাব ফেলে, এখন সেটিই দেখার বিষয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন