সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশ্ন ফাঁস, যা জানাল অধিদপ্তর

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১২, ২০২৬, ০৭:১২ পিএম

প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশ্ন ফাঁস, যা জানাল অধিদপ্তর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের যে অভিযোগ উঠেছে, তার কোনো সত্যতা বা প্রমাণ খুঁজে পায়নি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সোমবার (১২ জানুয়ারি) অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক এ কে মোহাম্মদ সামছুল আহসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 তিনি জানান, প্রশ্ন ফাঁসের দাবিটি মূলত একটি গুজব এবং এ বিষয়ে কোনো বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া যায়নি।অধিদপ্তর সূত্র জানিয়েছে, প্রশ্ন ফাঁস নিয়ে ছড়ানো গুজবে কান না দিতে পরীক্ষার্থীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

 নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ উল্লেখ করে পরিচালক জানান, পরীক্ষা বাতিলের কোনো পরিকল্পনা আপাতত নেই, বরং দ্রুততম সময়ের মধ্যে ফল প্রকাশ করার লক্ষ্যে কাজ করছে অধিদপ্তর।

এদিকে, প্রশ্নপত্র ফাঁস ও ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতির অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবিতে রাজপথে বিক্ষোভ করেছেন একদল নিয়োগপ্রত্যাশী। তাদের আন্দোলনের মুখে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

 আন্দোলনকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়া, প্রতিটি কেন্দ্রে নেটওয়ার্ক জ্যামার রাখা এবং প্রশ্ন ফাঁসে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা। তবে অধিদপ্তর সাফ জানিয়ে দিয়েছে, তদন্তে অনিয়মের কোনো প্রমাণ না পাওয়ায় ফল প্রকাশের পথেই এগোচ্ছে তারা।