জানুয়ারি ১৫, ২০২৬, ০৭:২৩ পিএম
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ২১ এপ্রিল থেকে এই গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার ১৫ জানুয়ারি বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এই রুটিন ও পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলি প্রকাশ করা হয়।
প্রতিবছর সাধারণত ফেব্রুয়ারিতে এই পরীক্ষা শুরু হলেও গত কয়েক বছরের মতো এবারও ক্যালেন্ডারে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।
বোর্ডের দেওয়া রুটিন অনুযায়ী আগামী ২১ এপ্রিল থেকে তত্ত্বীয় বা লিখিত পরীক্ষা শুরু হয়ে চলবে ২০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর ৭ জুন থেকে ১৪ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষাগুলো সম্পন্ন করতে হবে।
পরীক্ষার অন্তত সাত দিন আগে কেন্দ্র সচিবদের কাছে এবং তিন দিন আগে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে।পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু জরুরি নিয়মাবলি প্রকাশ করেছে বোর্ড। নির্দেশনায় বলা হয়েছে যে পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের আসনে বসতে হবে। প্রথমে বহুনির্বাচনি (MCQ) এবং পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং দুই পরীক্ষার মাঝে কোনো বিরতি থাকবে না। ওএমআর ফরমে রোল ও রেজিস্ট্রেশন নম্বর বৃত্ত ভরাটের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে এবং কোনোভাবেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। সৃজনশীল, বহুনির্বাচনি ও ব্যবহারিক—প্রতিটি অংশে পরীক্ষার্থীকে পৃথকভাবে পাস করতে হবে।
পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্র সচিব ছাড়া অন্য কারো মোবাইল ফোন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে পরীক্ষার্থীরা বোর্ড অনুমোদিত সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। এ ছাড়া শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলো এনসিটিবির নির্দেশনা অনুযায়ী ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে নম্বর প্রদান করা হবে। পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্যে খাতা পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদনের সুযোগ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন