জানুয়ারি ১৫, ২০২৬, ০৮:২০ পিএম
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশের পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য ১৪ দফা বিশেষ নির্দেশনাবলি জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার ১৫ জানুয়ারি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সূচি ও নির্দেশনা প্রকাশ করা হয়।
ঘোষিত রুটিন অনুযায়ী আগামী ২১ এপ্রিল থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে চলবে ২০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা গ্রহণ শুরু হবে এবং পরবর্তীকালে ৭ জুন থেকে ১৪ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষাগুলো সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
পরীক্ষার্থীদের জন্য প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে যে পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে অবশ্যই শিক্ষার্থীদের নিজ নিজ আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা নেওয়া হবে।
এই দুই ধরণের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। শিক্ষার্থীরা তাদের প্রবেশপত্র সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর অন্তত তিন দিন আগে সংগ্রহ করতে পারবে। তবে প্রতিষ্ঠান প্রধানদের সাত দিন আগেই প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করতে বলা হয়েছে।বিশেষ নির্দেশনায় আরও জানানো হয়েছে যে পরীক্ষার্থীদের ওএমআর ফরমে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড লিখে বৃত্ত ভরাট করার সময় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। সৃজনশীল, বহুনির্বাচনি ও ব্যবহারিক—এই তিনটি অংশে পরীক্ষার্থীকে পৃথকভাবে পাস করতে হবে।
ব্যবহারিক পরীক্ষাগুলো স্ব স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং শারীরিক শিক্ষা ও ক্যারিয়ার শিক্ষার মতো বিষয়গুলোর নম্বর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে বোর্ডকে সরবরাহ করবে।পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে থাকবে বোর্ড কর্তৃপক্ষ। কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী কেন্দ্রে মোবাইল ফোন আনতে বা ব্যবহার করতে পারবেন না।
তবে পরীক্ষার্থীরা বোর্ড অনুমোদিত সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। এ ছাড়াও নির্দেশনায় বলা হয়েছে যে ফলাফল প্রকাশের সাত দিনের মধ্যে খাতা পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে। প্রতিবছর ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার রেওয়াজ থাকলেও গত কয়েক বছরের মতো এবারও পরিস্থিতির কারণে তা এপ্রিল মাসে পিছিয়ে নেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন