রাকিবুল হাসান মুন্না
জানুয়ারি ১৮, ২০২৬, ০৫:৩৩ পিএম
ছবি-দিনাজপুর টিভি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়ম এবং জাল সনদ ব্যবহারের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দুদক কর্মকর্তারা প্রথমে উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পরে রেজিস্ট্রারের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র ও তথ্য উপাত্ত সংগ্রহ ও জব্দ করা হয়।
দুদক সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন হওয়া বেশ কিছু নিয়োগে অনিয়মের অভিযোগ কমিশনে জমা পড়েছিল। এছাড়া জাল সনদ ব্যবহার করে চাকরি নেওয়ার বিষয়টি প্রাথমিক সত্যতা যাচাইয়ের জন্যই এই অভিযান।
রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের দুদকের উপপরিচালক শাওন মিয়া জানান, "জাল সনদ ব্যবহারের অভিযোগে ইতোমধ্যে একজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে। সেগুলো পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই শেষে কমিশনে প্রতিবেদন জমা দেওয়া হবে।
তদন্তে অনিয়মের প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।দুদকের এই আকস্মিক অভিযানে বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।