জানুয়ারি ১৯, ২০২৬, ০৫:১৭ পিএম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন নিয়ে পরিচালিত এক জরিপে শীর্ষ পদগুলোতে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীদের এগিয়ে থাকার তথ্য উঠে এসেছে। সোমবার যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন সোচ্চার: টর্চার ওয়াচডগ বাংলাদেশ এই জরিপের ফলাফল প্রকাশ করে।
মোট ৪৬৯ জন শিক্ষার্থীর অংশগ্রহণে পরিচালিত এই জরিপে দেখা গেছে ভিপি পদে শিবির সমর্থিত দুর্বার সাস্টিয়ান ঐক্য প্যানেলের দেলোয়ার হাসান শিশির ৩২.৬ শতাংশ শিক্ষার্থীর সমর্থন পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত সম্মিলিত সাস্টিয়ান ঐক্য প্যানেলের মোস্তাকিম বিল্লাহর পক্ষে সমর্থন জানিয়েছেন মাত্র ১২.৮ শতাংশ শিক্ষার্থী। জরিপ অনুযায়ী এজিএস পদেও ছাত্রশিবিরের মো. শাকিল মাহমুদ ২৭.৯ শতাংশ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন যেখানে ছাত্রদলের প্রার্থীর পক্ষে রয়েছেন ১৩.৪ শতাংশ ভোটার।
তবে জিএস পদে তীব্র লড়াইয়ের আভাস পাওয়া গেছে। এই পদে শিবিরের প্রার্থীর পক্ষে ১৬.২ শতাংশ এবং ছাত্রদলের প্রার্থীর পক্ষে ১৫.১ শতাংশ সমর্থনের কথা জানানো হয়েছে। সোচ্চার জানিয়েছে জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪১ শতাংশই নারী শিক্ষার্থী এবং বড় একটি অংশ অমুসলিম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি। জরিপে দেখা গেছে ৮১ শতাংশ শিক্ষার্থীই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে আগ্রহী। তবে ভিপি পদের ক্ষেত্রে ৪০.৫ শতাংশ এবং এজিএস পদের ক্ষেত্রে ৪২ শতাংশ ভোটার এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি।
সোচ্চারের বিশ্লেষণ অনুযায়ী আনডিসাইডেড ভোটারদের ঝোঁক পর্যবেক্ষণ করলে ভিপি পদে শিবিরের প্রার্থীর ২৩ শতাংশেরও বেশি ব্যবধানে জয়ের সম্ভাবনা রয়েছে। তবে হাইকোর্ট আজ এক আদেশে ২০ জানুয়ারি অনুষ্ঠিতব্য এই শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন যা ক্যাম্পাসের নির্বাচনী পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে। জরিপ বলছে প্রায় ৪৯ শতাংশ শিক্ষার্থী মনে করেন এই নির্বাচনের ফলাফলে জাতীয় রাজনীতির বা অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব পড়তে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন