জানুয়ারি ২৮, ২০২৬, ০৮:৫৯ পিএম
সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের তিন দিনব্যাপী ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) ‘সি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি যুদ্ধের সমাপ্তি ঘটে।শেষ দিনে বুধবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত মোট চারটি শিফটে ‘সি’ (বিজনেস স্টাডিজ) এবং ‘ডি’ (সোশ্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সি’ ও ‘ডি’ ইউনিটে ৫২০টি আসনের বিপরীতে এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৬ হাজার ২৮৮ জন।পরীক্ষা চলাকালীন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা।
এ সময় তাঁর সাথে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান এবং প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা।
পরিদর্শন শেষে ভাইস-চ্যান্সেলর কেন্দ্রের বাইরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় করেন এবং সার্বিক ব্যবস্থাপনার খোঁজ নেন। এ সময় অভিভাবকগণ বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা ও হাবিপ্রবি পরিবারের আন্তরিকতার প্রশংসা করে সন্তোষ প্রকাশ করেন।উল্লেখ্য, হাবিপ্রবিতে এবারের ভর্তি পরীক্ষায় ১৭৯৫টি আসনের বিপরীতে ৯৪ হাজার ২৭৫ জন শিক্ষার্থী আবেদন করেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই তিন দিনব্যাপী এই বড় আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন