মার্চ ১৫, ২০২৬, ০৪:২৩ পিএম
জাতীয় সংসদে শিক্ষকদের বদলি প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রবিবার সংসদ অধিবেশনে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর এক প্রশ্নের জবাবে তিনি এই বক্তব্য প্রদান করেন।
মন্ত্রী জানান যে শিক্ষকদের বদলি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে বর্তমানে প্রচলিত কম্পিউটারাইজড পদ্ধতিতে কিছু নির্দিষ্ট সংরক্ষণ পদ্ধতি যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষকদের নিজ এলাকায় থাকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে এই পরিবর্তনগুলো আনা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
শিক্ষামন্ত্রী তার বক্তব্যে বলেন যে বদলি ব্যবস্থাপনায় কম্পিউটার প্রোগ্রামে এমনভাবে পরিবর্তন আনার বিষয়ে আলোচনা চলছে যাতে অ্যালোকেশনের মাধ্যমে একটি নির্দিষ্ট অংশ বাইরের হতে পারে কিন্তু সিংহভাগই হবে সংশ্লিষ্ট এলাকার।
তিনি ব্যাখ্যা করেন যে আগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মস্থল এলাকার বাইরে যাওয়ার কোনো বিধান ছিল না। তবে পরবর্তীতে এই পদ্ধতিকে আধুনিকায়ন করতে কম্পিউটারাইজড সিস্টেম চালু করা হয়েছিল এবং সেই নিয়ম অনুযায়ীই এত দিন বদলি কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।সাভার এবং ঢাকার নিকটবর্তী এলাকাগুলোতে শিক্ষকদের বদলি হওয়ার প্রবল আগ্রহের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন যেহেতু সাভার ঢাকার একটি গুরুত্বপূর্ণ অংশ তাই সারা দেশের শিক্ষকরা সুযোগ পেলেই ঢাকা বা জেলা শহরে আসার চেষ্টা করেন।
এই প্রবণতা সামাল দিতে এবং ভারসাম্য বজায় রাখতেই মূলত সফটওয়্যারে নতুন ফিচার যোগ করার চিন্তাভাবনা করছে মন্ত্রণালয়। এর ফলে শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় এলাকাভিত্তিক অগ্রাধিকার এবং প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা সহজ হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন। তিনি সংসদকে আশ্বস্ত করেন যে এই পুরো বিষয়টি মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন