মার্চ ২৪, ২০২৬, ১০:২০ এএম
কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়ার অধীনে অনুষ্ঠিত ১৪৪৭ হিজরি সনের দাওরায়ে হাদিস পরীক্ষার ফলাফল আজ মঙ্গলবার প্রকাশ করা হবে। দুপুর ২টায় বোর্ডের স্থায়ী কমিটির সভায় আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করার কথা রয়েছে। আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান ফলাফল ঘোষণার মূল কার্যক্রম পরিচালনা করবেন।
বোর্ডের অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত সোমবার এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত এই বিশেষ সভায় পরীক্ষা মনিটরিং সেল ও উপকমিটির সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে যে ফলাফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে তাদের ব্যক্তিগত ফলাফল সংগ্রহ করতে পারবেন। আল-হাইআতুল উলয়ার নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য প্রদান করলেই ব্যক্তিগত ফলাফল দেখা যাবে।
এ ছাড়া সংশ্লিষ্ট মাদ্রাসার প্রধান বা অ্যাডমিনরা বোর্ডের নিজস্ব সফটওয়্যার এইচইএমএস-এ লগইন করে পুরো মাদ্রাসার ফলাফল ডাউনলোড ও প্রিন্ট করার সুযোগ পাবেন। বোর্ড অ্যাডমিনরাও তাদের অধীনে থাকা সব মাদ্রাসার ফলাফল একই পদ্ধতিতে দেখতে ও সংগ্রহ করতে পারবেন। এতে করে শিক্ষার্থীরা কোনো ধরণের ভোগান্তি ছাড়াই দ্রুত ফল হাতে পাবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য যে চলতি বছরের ২৭ জানুয়ারি থেকে সারা দেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে দাওরায়ে হাদিসের পরীক্ষা শুরু হয়েছিল। এবারের পরীক্ষায় ২৫৯টি কেন্দ্রে সর্বমোট ২৩ হাজার ৮৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এর মধ্যে ১৫ হাজার ২৬৮ জন ছাত্র এবং ৮ হাজার ৬১৩ জন ছাত্রী রয়েছেন। কওমি শিক্ষার মাস্টার্স সমমানের এই পরীক্ষায় অংশগ্রহণের হার ও মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছে বোর্ড কর্তৃপক্ষ। ফলাফল ঘোষণার পর থেকে ওয়েবসাইটের ট্রাফিক সামাল দিতে প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতিও সম্পন্ন করেছে আল-হাইআতুল উলয়া কর্তৃপক্ষ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন