মার্চ ২৪, ২০২৬, ০১:৩০ পিএম
বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাব্যবস্থার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের ফলাফল প্রকাশিত হয়েছে। আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত ১৪৪৭ হিজরি তথা ২০২৬ সনের এই পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৮৯ দশমিক ৯৯ শতাংশ। মঙ্গলবার সকালে রাজধানীর যাত্রাবাড়ীতে বোর্ডের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভায় আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করা হয়।
আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পরীক্ষা মনিটরিং সেল ও স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। মাস্টার্স সমমানের এই পরীক্ষার ফলাফল প্রকাশের মাধ্যমে কওমি মাদরাসা শিক্ষাবর্ষের একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো।
বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর দাওরায়ে হাদিস পরীক্ষায় মোট ২৩ হাজার ৮৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। যার মধ্যে ১৫ হাজার ২৬৮ জন ছাত্র এবং ৮ হাজার ৬১৩ জন ছাত্রী ছিলেন।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, উত্তীর্ণ ২১ হাজার ৪৯১ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১৪ হাজার ১৮৬ জন এবং ছাত্রী ৭ হাজার ৩০৫ জন। ছাত্রদের পাসের হার ৯২ দশমিক ৯১ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৮৪ দশমিক ৮১ শতাংশ। দেশের বিভিন্ন প্রান্তে স্থাপিত ১০৪টি ছাত্র কেন্দ্র এবং ১৫৫টি ছাত্রী কেন্দ্রে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ২০ জন শিক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
এবারের মেধা তালিকায় ছাত্রদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন ঢাকার সূত্রাপুরের মাদ্রাসা বায়তুল উলূম ঢালকানগরের শিক্ষার্থী খালেদ হাছান। তিনি মোট ১০০০ নম্বরের মধ্যে ৯৩২ নম্বর পেয়েছেন। অন্যদিকে ছাত্রীদের মধ্যে ৮৯৪ নম্বর পেয়ে প্রথম হয়েছেন ঢাকার রামপুরার ফাতেমাতুয যাহরা (রা.) মহিলা মাদরাসার শিক্ষার্থী আসমা।
ছাত্রদের মেধা তালিকায় ৩১ জন এবং ছাত্রীদের ক্ষেত্রে ১৭ জনকে স্থান দেওয়া হয়েছে। বিভাগভিত্তিক ফলাফলে ১ হাজার ৫৭৫ জন মুমতাজ বা স্টার মার্কস পেয়ে উত্তীর্ণ হয়েছেন। ফলাফল ঘোষণা শেষে মাওলানা মাহমুদুল হাসান সকল উত্তীর্ণ শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মোনাজাত করেন এবং কওমি শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন