মার্চ ২৯, ২০২৬, ০৯:৫৫ এএম
পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে আজ রোববার থেকে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খুলছে। টানা ৪০ দিনেরও বেশি সময় বন্ধ থাকার পর আজ থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক শ্রেণি কার্যক্রম শুরু হচ্ছে।
গত ২৬ মার্চ আনুষ্ঠানিকভাবে এই দীর্ঘ ছুটি শেষ হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আজ ২৯ মার্চ থেকে শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে ক্লাসে ফিরছে।
শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তর সূত্রে জানা গেছে যে এ বছরের শুরুতে জাতীয় নির্বাচন এবং পরবর্তী সময়ে রোজা ও ঈদের দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের পাঠদানে কিছুটা ঘাটতি তৈরি হয়েছে। বছরের প্রথম তিন মাসে প্রত্যাশিত ক্লাস না হওয়ায় শিখন ঘাটতি পূরণে এবার বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ লক্ষ্যেই ছুটির পরপরই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পুরোদমে শ্রেণি কার্যক্রম শুরুর নির্দেশনা জারি করা হয়েছে। মূলত শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি পুষিয়ে নিতেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে কঠোরভাবে ক্লাস তদারকির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।উল্লেখ্য যে এবারের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী রমজান ও ঈদের ছুটি ৮ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে অভিভাবকদের করা রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের আদেশ এবং সরকারের সিদ্ধান্তে গত ১৯ ফেব্রুয়ারি থেকেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
এতে নির্ধারিত সময়ের প্রায় ১৭ দিন আগেই ছুটি শুরু হয়ে যায়। এই বাড়তি ছুটির কারণে তৈরি হওয়া শিখন ঘাটতি কমাতে প্রাথমিক বিদ্যালয়ে পরবর্তী ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এখন থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত শনিবারও নিয়মিত ক্লাস চলবে। তবে মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোতে শনিবারের ছুটি বাতিলের বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি কর্তৃপক্ষ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন