রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৯, ২০২৬, ১১:২০ এএম

এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা

পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা

আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্র ও প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ ১১ দফা বিশেষ নির্দেশনা জারি করেছে সরকার। গত শনিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সকল কেন্দ্র সচিব ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে এই নির্দেশনা পাঠিয়েছে। 

এর আগে গত ২৫ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ২১ এপ্রিল থেকে সারাদেশে একযোগে এই পরীক্ষা শুরু হতে যাচ্ছে এবং পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে যে প্রতিটি পরীক্ষা কেন্দ্রসহ কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে। যে সকল কেন্দ্রে আগে থেকে সিসিটিভি ক্যামেরা রয়েছে কিন্তু বর্তমানে অচল বা অকেজো অবস্থায় আছে সেগুলো পরীক্ষা শুরুর আগেই সচল করার ব্যবস্থা নিতে হবে। 

ক্যামেরায় ধারণকৃত সকল ভিডিও ফুটেজ যথাযথভাবে সংরক্ষণ করতে হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী তা সরবরাহ করতে বাধ্য থাকতে হবে। এছাড়া সময়ের সঠিক হিসাব নিশ্চিত করতে প্রতিটি কক্ষে এনালগ বা কাঁটাওয়ালা ঘড়ি টাঙানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্থানীয় প্রশাসনের সাথে পরামর্শ করে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

পরীক্ষার হলে শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্র সচিব ব্যতীত কোনো শিক্ষক বা পরীক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের আগে দেহ তল্লাশি করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস বা নকলের সরঞ্জাম ভেতরে না যেতে পারে। নারী পরীক্ষার্থীদের ক্ষেত্রে অবশ্যই নারী শিক্ষক দ্বারা তল্লাশির ব্যবস্থা করতে হবে। এছাড়া পরীক্ষা কেন্দ্রের প্রধান ফটকে অভিভাবকদের সচেতন করার জন্য বিশেষ নির্দেশনা সম্বলিত নোটিশ টাঙাতে হবে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আলো-বাতাস এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার জন্য কেন্দ্র সচিবদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর নির্দেশনাসমূহ যথাযথভাবে প্রতিপালনের পাশাপাশি এই ১১ দফা নির্দেশনা বাস্তবায়নে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি সহ্য করা হবে না বলে সতর্ক করা হয়েছে। নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে যে কোনো কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবসহ দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় মনে করছে যে এই প্রযুক্তিনির্ভর নজরদারি ও কঠোর তল্লাশি ব্যবস্থার মাধ্যমে একটি স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের পরীক্ষা পদ্ধতি নিশ্চিত করা সম্ভব হবে।