শনিবার, ১০ অক্টোবর, ২০২৬,

যশোর বোর্ডে এসএসসি পরীক্ষার উপকরণ বিতরণ শুরু

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৩১, ২০২৬, ১১:০৭ এএম

যশোর বোর্ডে এসএসসি পরীক্ষার উপকরণ বিতরণ শুরু

পরীক্ষার উপকরণ পাঠাচ্ছে বোর্ড

যশোর শিক্ষা বোর্ডের অধীনে আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। পরীক্ষার সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় অলিখিত মূল উত্তরপত্র, অতিরিক্ত উত্তরপত্র এবং ব্যবহারিক উত্তরপত্রসহ যাবতীয় সরঞ্জাম বিতরণ শুরু করেছে বোর্ড কর্তৃপক্ষ। 

সোমবার (৩০ মার্চ) থেকে বোর্ডের সাধারণ শাখা থেকে এসব আনুষঙ্গিক উপকরণ সরবরাহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন।

পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিশেষ নির্দেশনায় জানানো হয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট কেন্দ্র সচিবদের এসব সরঞ্জাম গ্রহণ করতে হবে। মালামাল সংগ্রহের সময় কেন্দ্র সচিবকে নিজে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। 

তবে বিশেষ কারণে তিনি আসতে না পারলে পরীক্ষা পরিচালনা কমিটির সাথে সরাসরি যুক্ত রয়েছেন এমন একজন শিক্ষককে প্রাধিকারপত্র দিয়ে পাঠাতে হবে। কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে, কোনো অবস্থাতেই শিক্ষক ব্যতীত অফিস সহকারী অথবা অন্য কাউকে প্রাধিকারপত্র দিয়ে মালামাল গ্রহণের জন্য পাঠানো যাবে না।বোর্ড থেকে প্রকাশিত সময়সূচি অনুযায়ী, বিতরণের প্রথম দিন অর্থাৎ ৩০ মার্চ বাগেরহাট জেলার সব উপজেলার সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সাতক্ষীরা জেলার সব উপজেলার কেন্দ্রগুলোর মালামাল দেওয়া হচ্ছে।

 

এরপর পর্যায়ক্রমে ১ এপ্রিল কুষ্টিয়া, ২ এপ্রিল চুয়াডাঙ্গা ও মেহেরপুর, ৫ এপ্রিল নড়াইল ও মাগুরা এবং ৬ এপ্রিল ঝিনাইদহ জেলার সরঞ্জাম বিতরণ করা হবে। এছাড়া ৭ ও ৮ এপ্রিল খুলনা জেলা ও সিটি কর্পোরেশনের মালামাল দেওয়া হবে। সবশেষে ৯ ও ১১ এপ্রিল যশোর জেলার বিভিন্ন উপজেলার কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় সব উপকরণ সরবরাহ করবে শিক্ষা বোর্ড।

মালামাল গ্রহণের সময় কেন্দ্র সচিবদের কিছু শর্ত অবশ্যই পূরণ করতে হবে। আবেদনের সাথে ২০২৬ সালের এসএসসি কেন্দ্র নবায়ন ফি বাবদ দুই হাজার টাকা এবং সোনালী সেবার রশিদ দাখিল করা বাধ্যতামূলক। নতুন কেন্দ্রের ক্ষেত্রে কেন্দ্র স্থাপন ফি হিসেবে ছয় হাজার টাকা এবং প্রয়োজনীয় অনুমতিপত্র সাথে রাখতে হবে। ব্যবহারিক পরীক্ষা শেষে উদ্বৃত্ত অলিখিত উত্তরপত্র ও অব্যবহৃত প্রশ্নপত্রসহ সব মালামাল বোর্ডে জমা দেওয়ার নির্দিষ্ট তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে বোর্ড সূত্রে জানা গেছে।