এপ্রিল ১, ২০২৬, ০৯:০১ পিএম
দেশের জ্বালানি খাতে তৈরি হওয়া বর্তমান সংকট মোকাবিলায় মহানগর এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সপ্তাহে তিন দিন অনলাইন এবং তিন দিন সশরীরে ক্লাস নেওয়ার একটি পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষক নেতাদের সাথে এক সভায় এই পরিকল্পনার কথা জানান।
তবে প্রাথমিক স্তরের শিশুদের জন্য এই পদ্ধতি কার্যকর করা অত্যন্ত কষ্টসাধ্য বলে মনে করছেন খোদ শিক্ষকরাই।বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এই বিশেষ বৈঠকে মন্ত্রী জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সপ্তাহে ছয় দিন ক্লাসের মধ্যে তিন দিন ডিজিটাল মাধ্যমে পাঠদান করা যেতে পারে।
মন্ত্রীর এই প্রস্তাবের পর শিক্ষকরা তাদের পক্ষ থেকে নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তারা জানান, প্রাথমিকের শিশুরা এখনও স্মার্ট ডিভাইস ব্যবহারে দক্ষ হয়ে ওঠেনি। অনেক দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের পক্ষে ছোট শিশুদের জন্য আলাদা ডিভাইস বা উচ্চমূল্যের ইন্টারনেটের ব্যবস্থা করা প্রায় অসম্ভব।
আলোচনার এক পর্যায়ে শিক্ষকরা জানান যে, শিশুদের অনলাইন ক্লাসে যুক্ত রাখতে হলে অভিভাবকদের সার্বক্ষণিক উপস্থিতি প্রয়োজন, যা অনেক ক্ষেত্রে সম্ভব নয়। এ সময় শিক্ষক প্রতিনিধিরা মন্ত্রীর কাছে দাবি করেন, যদি অনলাইন ক্লাস বাধ্যতামূলক করা হয় তবে সরকারকেই শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ডিভাইসের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। শিক্ষকদের এমন সরাসরি ও স্পষ্ট মতামতের পর বিষয়টি নিয়ে নতুন করে ভাবছে মন্ত্রণালয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, সভায় শিক্ষকদের মতামত গুরুত্বের সাথে শোনা হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল যে, জ্বালানি সংকট সাশ্রয়ে বিশ্ববিদ্যালয় বাদে মহানগরীর সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহের অর্ধেক ক্লাস অনলাইনে নেওয়ার কথা ভাবা হচ্ছে। প্রাথমিক স্তরে শিক্ষকদের এই অনীহার ফলে সরকার এখন পরবর্তী পদক্ষেপ হিসেবে কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে আছেন অভিভাবক ও সংশ্লিষ্টরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন