এপ্রিল ৭, ২০২৬, ০২:৪৫ পিএম
সারা দেশের সব শিক্ষা বোর্ডে আগামী দিনে অভিন্ন প্রশ্নে পাবলিক পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড বরিশালের উদ্যোগে বরিশাল শিল্পকলা মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।
দেশের শিক্ষা ব্যবস্থায় অভিন্ন মানদণ্ড বজায় রাখতে এবং বৈষম্য দূর করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মন্ত্রী উল্লেখ করেন।মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী স্পষ্ট করে বলেন, আসন্ন পাবলিক পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে আয়োজন করার পাশাপাশি উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না।
প্রতিটি পরীক্ষককে যথাযথ নিয়ম অনুসরণ করে খাতা মূল্যায়ন করতে হবে। উত্তরপত্র মূল্যায়নে কোনো ধরনের গাফিলতি বা অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। মিলন মনে করেন, শিক্ষার্থীদের সঠিক ও নির্ভুল মূল্যায়ন নিশ্চিত করতে প্রতিটি ধাপে স্বচ্ছতা বজায় রাখা অপরিহার্য।
আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী। বরিশাল শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের নিয়ে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় বোর্ডগুলোর প্রশাসনিক ও কৌশলগত নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরীক্ষায় নকল রোধ এবং প্রশ্ন ফাঁস ঠেকানোসহ কেন্দ্র ব্যবস্থাপনার প্রতিটি স্তরে কঠোর তদারকি নিশ্চিত করার ওপর তিনি বিশেষ জোর দেন।
শিক্ষার আধুনিকায়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, দেশের মেট্রোপলিটন এলাকাগুলোতে শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে অনলাইন ও অফলাইন ক্লাস সমন্বিতভাবে চালুর পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে প্রয়োজনীয় আলোচনা শুরু হয়েছে। সার্বিক মতামতের ভিত্তিতে আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে একটি আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দেওয়া হবে। ওই প্রতিবেদন পর্যালোচনার পর সরকারের পক্ষ থেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন যে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা এবং শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। পরীক্ষার প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করতে মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড বরিশালের চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বরিশাল-৫ আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. তৌফিক আলমসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই সভায় যোগদানের উদ্দেশ্যে মন্ত্রী সোমবার রাতে ঢাকা থেকে লঞ্চযোগে যাত্রা করে আজ সকালে বরিশালে পৌঁছান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন