বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বেরোবিতে শুরু হলো আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট

রাকিবুল হাসান মুন্না

এপ্রিল ১২, ২০২৬, ০৯:০৮ পিএম

বেরোবিতে শুরু হলো আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট

বেরোবি ক্রিকেট উৎসব ছবি-দিনাজপুর টিভি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬। রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর খেলার মাঠে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী। তিনি আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় তিনি খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সুস্থ ক্রীড়া চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের কেবল পড়াশোনায় সীমাবদ্ধ থাকলে চলবে না। সহশিক্ষা কার্যক্রম তাদের মানসিক ও শারীরিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণাবলি তৈরি করে। এর পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা এবং দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে ওঠে।

তিনি আরও উল্লেখ করেন যে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সুস্থ প্রতিযোগিতার চেতনা জাগ্রত করে। এটি তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখবে বলেও আশ্বাস দেন উপাচার্য।

এবারের টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের ২২টি পুরুষ দল এবং ১৫টি নারী দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টকে ঘিরে কয়েক দিন ধরেই শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। উদ্বোধনী ম্যাচে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ এবং জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের খেলোয়াড়রা মুখোমুখি হয়। মাঠের চারপাশজুড়ে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের করতালি ও স্লোগানে এক আনন্দময় পরিস্থিতির সৃষ্টি হয়।

শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান। এ ছাড়াও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ ইলিয়াছ প্রামানিকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, আগামী কয়েক দিনব্যাপী এই টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচগুলো পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।