এপ্রিল ১৪, ২০২৬, ০৬:১৪ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অতিরিক্ত ভাড়া দাবি করাকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে সিএনজিচালিত অটোরিকশা চালকের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় এই হামলার ঘটনা ঘটে।হামলার শিকার শিক্ষার্থীর নাম মেহেদী হাসান। তিনি মেরিন সায়েন্স বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।
ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, জিরো পয়েন্ট থেকে ১ নম্বর গেট পর্যন্ত নির্ধারিত ভাড়া ৭ টাকার পরিবর্তে চালক মোহাম্মদ হাসান ১০ টাকা দাবি করেন। অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকৃতি জানানোয় চালক ক্ষিপ্ত হয়ে তাঁকে শারীরিকভাবে আঘাত করেন এবং তাঁর চশমা ভেঙে ফেলেন।
এই ঘটনার পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টের মতলব ফুড কর্নারের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। দীর্ঘক্ষণ অবরোধ চলায় ওই এলাকায় যানচলাচল বন্ধ হয়ে পড়ে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ক্যাম্পাসে চলাচলকারী অনেক সিএনজি চালক মাদক সংগ্রহ ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
১ নম্বর গেট এলাকায় একটি পুলিশ বক্স স্থাপনের দাবি দীর্ঘদিনের হলেও প্রশাসন তা বাস্তবায়ন করেনি। পুলিশি নজরদারি না থাকায় বহিরাগত চালকরা শিক্ষার্থীদের ওপর চড়াও হওয়ার সাহস পাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে। উপ-উপাচার্য (প্রশাসন) কামাল উদ্দিন জানান, অভিযুক্ত চালক মোহাম্মদ হাসানকে আইনের আওতায় না আনা পর্যন্ত জিরো পয়েন্ট থেকে ১ নম্বর গেট পর্যন্ত সব ধরনের সিএনজি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিকল্প হিসেবে সীমিত আকারে বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও জানান, অভিযুক্ত চালক পলাতক থাকায় তাঁর পরিবার এবং সিএনজি মালিক সমিতিকে তলব করা হয়েছে। আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন