এপ্রিল ১৫, ২০২৬, ০৯:৩১ এএম
দীর্ঘ ১৬ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে ২০২৫ সালের স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত প্রথম দিনের পরীক্ষা চলবে। পরীক্ষার সময়সূচি অনুযায়ী, আজ প্রথম দিনে খুদে শিক্ষার্থীরা ‘বাংলা’ বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করছে।
এর আগে গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এই পরীক্ষার সূচি অনুমোদন করা হয়েছিল। পরবর্তীতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় পরীক্ষার বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়।
সাধারণ সূচি অনুযায়ী, আগামীকাল ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয়ের পরীক্ষা আড়াই ঘণ্টা ধরে চলবে।
তবে ভৌগোলিক অবস্থান ও বিশেষ পরিস্থিতির কারণে দেশের তিন পার্বত্য জেলা— রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ভিন্ন সময়সূচিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পার্বত্য জেলাগুলোতে ১৭ এপ্রিল প্রাথমিক গণিত পরীক্ষার মাধ্যমে মূল পরীক্ষা শুরু হবে। এরপর ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষার মাধ্যমে সেখানে বৃত্তি পরীক্ষা শেষ হবে।
বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে কর্তৃপক্ষ কিছু বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। অধিদপ্তর জানিয়েছে, বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে যাতে তারা নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে পারে।
প্রসঙ্গত, বাংলাদেশে সর্বশেষ পূর্ণাঙ্গ ও নিয়মিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা হয়েছিল ২০০৮ সালে। ২০০৯ সাল থেকে ‘প্রাথমিক শিক্ষা সমাপনী’ (পিইসি) পরীক্ষা প্রবর্তন হওয়ায় আলাদাভাবে এই বৃত্তি পরীক্ষাটি বন্ধ করে দেওয়া হয়েছিল। মাঝে ২০২২ সালে একবার পরীক্ষামূলকভাবে এই পরীক্ষা নেওয়া হলেও পরবর্তী বছরগুলোতে তা আবার স্থগিত ছিল। বর্তমান সরকারের সিদ্ধান্তে দীর্ঘ ১৬ বছর পর পুনরায় এই মেধা যাচাই পরীক্ষাটি পূর্ণাঙ্গ রূপে ফিরে এল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন