সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬,

এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশ

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ১৯, ২০২৬, ০৪:৩৪ পিএম

এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশ

আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষাকে সামনে রেখে কেন্দ্রগুলোর জন্য অত্যন্ত জরুরি ও কঠোর নির্দেশনা জারি করেছে শিক্ষা বোর্ড। কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন সংক্রান্ত গোপনীয় তথ্য এবং প্রশ্নপত্র গ্রহণকারী সংশ্লিষ্ট ব্যক্তিদের বিস্তারিত বিবরণ জরুরি ভিত্তিতে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 

আজ রোববার (১৯ এপ্রিল) বোর্ড থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।বোর্ডের দেওয়া ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিটি পরীক্ষা কেন্দ্রের সিসি টিভি ক্যামেরার ইউজার আইডি (ID) ও পাসওয়ার্ড এবং সরকারি ট্রেজারি থেকে যেসব শিক্ষক বা কর্মচারী প্রশ্নপত্র গ্রহণ করবেন, তাদের নাম, পূর্ণ ঠিকানা ও সক্রিয় মোবাইল নম্বর সংগ্রহ করা হচ্ছে। 

এসব তথ্য আজ রোববার ১৯ এপ্রিল অফিস সময়ের মধ্যে নির্দিষ্ট ই-মেইল ঠিকানায় ([email protected]) পাঠানোর জন্য কেন্দ্র সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে।

মূলত পরীক্ষা চলাকালীন যেকোনো ধরনের অনিয়ম রোধ এবং প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। সিসি ক্যামেরার আইডি-পাসওয়ার্ড বোর্ডের নিয়ন্ত্রণে থাকলে কেন্দ্রীয়ভাবে যেকোনো কেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এছাড়া প্রশ্নপত্র বহনকারীদের পূর্ণ তথ্য আগে থেকেই বোর্ডে সংরক্ষিত থাকলে পাচার বা ফাঁসের ঝুঁকি অনেকাংশে কমে আসবে বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা।

শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত চূড়ান্ত সময়সূচি অনুযায়ী, আগামী ২১ এপ্রিল থেকে দেশজুড়ে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথমপত্রের পরীক্ষা। লিখিত পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ৭ জুন থেকে, যা চলবে ১৪ জুন পর্যন্ত।

শিক্ষা বোর্ড সূত্রে আরও জানা গেছে, এবারের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানো বা কোনো ধরনের ডিজিটাল জালিয়াতি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয় রয়েছে। কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে তথ্য পাঠাতে ব্যর্থ হওয়া কেন্দ্রগুলোর বিরুদ্ধে বোর্ড কঠোর ব্যবস্থা নিতে পারে বলে সতর্ক করা হয়েছে। পরীক্ষার্থী ও অভিভাবকদের এই মেগা পাবলিক পরীক্ষা নিয়ে আতঙ্কিত না হয়ে স্বাভাবিক প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।