মে ৩, ২০২৬, ০৩:৪০ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ রোববার (৩ মে) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হয়। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এখন বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট এবং মোবাইল এসএমএসের মাধ্যমে তাঁদের ফলাফল জানতে পারছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ জানান, ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের মাত্র ৭ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে প্রথম মেধাতালিকা অনুযায়ী ভর্তি কার্যক্রম শুরু করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা মোবাইল ফোনে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে NU স্পেস ATHN স্পেস Roll No লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে লগইন করে পিন নম্বর ও পাসওয়ার্ডের মাধ্যমে ড্যাশবোর্ডে প্রবেশ করে ‘ফলাফল’ অপশন থেকে বিস্তারিত তথ্য দেখা যাবে। সেখান থেকে ফলাফল ডাউনলোড বা প্রিন্ট করার সুযোগও রয়েছে।
প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। এরপর ১ হাজার ১৩০ টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে ভর্তি প্রক্রিয়া এগিয়ে নিতে হবে। নির্বাচিত কলেজে চূড়ান্ত ভর্তি ফরম, মার্কশিট ও প্রয়োজনীয় ছবি জমা দিয়ে শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল সারা দেশের ১৩৮টি কেন্দ্রে এবারের স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী আবেদনের বিপরীতে অংশগ্রহণ করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩১টি বিভাগে ৮৮০টি কলেজে মোট শূন্য আসন রয়েছে ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, যদিও মোট আসন সংখ্যা ও আবেদনকারীর সংখ্যা প্রায় সমান, তবে সরকারি কলেজগুলোতে সীমিত আসনের বিপরীতে আবেদন বেশি হওয়ায় অনেক শিক্ষার্থী কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। বেসরকারি কলেজগুলোতে আসন ফাঁকা থাকলেও নামি কলেজে ভর্তির প্রতিযোগিতা এবারও অনেক বেশি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন