মে ৯, ২০২৬, ১১:৩১ এএম
যুক্তরাষ্ট্রে পিএইচডি গবেষণারত অবস্থায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানিসম্পদ কৌশল বিভাগের সহকারী অধ্যাপক আফিফা রহমান নাইমা। তিনি দেশটির ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানা–শ্যাম্পেইনে উচ্চতর ডিগ্রি নিচ্ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিকট আত্মীয় ও সহকর্মীরা।
পরিবার ও সংশ্লিষ্ট সূত্র জানায়, দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার সময় শারীরিক জটিলতা দেখা দিলে আফিফা কয়েক দিন ধরে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। পরে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার বিকেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তার পরিবার, সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে গভীর শোক নেমে এসেছে।
বুয়েটের সাবেক শিক্ষক জাহিদুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই মেধাবী শিক্ষকের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি জানান, আফিফা রহমান নাইমা তার বিভাগে শিক্ষক থাকাকালীন অত্যন্ত মেধাবী ছিলেন।
সন্তান জন্ম দেওয়ার সময়কার জটিলতা নিয়ে আইসিইউতে থাকার পর তার চলে যাওয়া দেশের জন্য বড় ক্ষতি। তিনি মরহুমার স্বামী ও দুই অবুঝ সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানা–শ্যাম্পেইনের আরেক বাংলাদেশি শিক্ষার্থী শিব্বির আহমেদ জানান, আফিফা ও তার স্বামী মো. ইফতেখার ইসলাম সাকিব উভয়েই বুয়েটের শিক্ষক এবং আরবানাতে পিএইচডি করছিলেন। প্রসবজনিত জটিলতায় ইমার্জেন্সি সিজার করার পর আফিফাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। পরে শুক্রবার বিকেলে চিকিৎসকরা ভেন্টিলেশন খুলে নেন। তার বড় সন্তানের বয়স মাত্র দেড় বছর।
আফিফা রহমান নাইমার মৃত্যুতে তার পরিচিতজনদের মধ্যে শোকের মাতম চলছে। লাইসা সালমা নামে তার এক পরিচিত সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, আফিফা ছিলেন অত্যন্ত মেধাবী, উপকারী এবং কোমল হৃদয়ের একজন মানুষ। তার অকাল প্রস্থানে সহকর্মী ও শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতিচারণ করে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, মরহুমার মরদেহ দেশে ফিরিয়ে আনা বা জানাজার বিষয়ে পারিবারিক সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন