মে ১৬, ২০২৬, ০৮:৩৬ পিএম
ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে চীন সফরে ডাকসু প্রতিনিধিদল রওনা হয়েছে। চীনা দূতাবাসের বিশেষ আমন্ত্রণে শনিবার সন্ধ্যা সাতটার দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ১৫ সদস্যের এই প্রতিনিধিদলে সংসদের শীর্ষ পদের নেতৃবৃন্দ অংশ নিয়েছেন।
সফরে রওনা হওয়ার আগে ডাকসু নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রতিনিধিদলের এই গুরুত্বপূর্ণ সফরটির সার্বিক সাফল্য ও ফলপ্রসূ ফলাফল কামনা করেন।
একই সঙ্গে তিনি সফরকালীন সময়ে ডাকসু নেতৃবৃন্দের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও সার্বিক কল্যাণের ব্যাপারে খোঁজখবর নেন এবং শুভকামনা জানান। এই প্রতিনিধিদলে ভিপি সাদিক কায়েম ছাড়াও জিএস এস এম ফরহাদ এবং এজিএস মহিউদ্দিন খান অন্তর্ভুক্ত রয়েছেন।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন ফাতেমা তাসনিম জুমা, ইকবাল হায়দার, উম্মে ছালমা, জসীমউদ্দিন খান, মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, সানজিদা আহমেদ তন্বি, আরমান হোসেন, আসিф আব্দুল্লাহ, এবি জুবায়ের, মাজহারুল ইসলাম, আব্দুল্লাহ আল মিনহাজ ও মো. জাকারিয়া।
সপ্তাহব্যাপী এই সফরে ডাকসু প্রতিনিধিদল চীনের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়, ছাত্রসংসদ, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন করার কথা রয়েছে। এর বাইরে তারা দেশটির বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোও সরজমিনে ঘুরে দেখবেন। একই সঙ্গে তারা চীনের ঐতিহ্যবাহী, সাংস্কৃতিক এবং রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বসম্পন্ন বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শনের সুযোগ পাবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন