মে ২২, ২০২৬, ০১:৫০ পিএম
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে নিজস্ব অর্থায়নে একটি ডাবল ডেকার বিআরটিসি বাসের ব্যবস্থা করেছে জবি শাখা ছাত্রদল। অতিরিক্ত যাত্রীর চাপ ও সিট সংকটে ভোগান্তিতে পড়া সাধারণ শিক্ষার্থীদের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা সংগঠনটির এমন উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন।এই বাসটি সিরাজগঞ্জ হয়ে রাজশাহী ও রংপুর বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গন্তব্যে যাবে।
এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের জন্য ৯টি বাসের ব্যবস্থা করেছিল। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই পরিবহন পুল এলাকায় বাসের জন্য শিক্ষার্থীদের দীর্ঘ সিরিয়াল শুরু হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অধিকাংশ বাসের সিট পূর্ণ হয়ে যায়। এতে বিশেষ করে রংপুর ও রাজশাহী অঞ্চলের সাধারণ শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তায় পড়েন।
শিক্ষার্থীদের দাবির মুখে জবি ছাত্রদল প্রথমে প্রশাসনের কাছে আরও দুটি বাস সংযুক্ত করার অনুরোধ জানায়। কিন্তু প্রশাসনিক সীমাবদ্ধতার কারণে তা আর সম্ভব হয়নি। পরে সংগঠনটির আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের নেতৃত্বে নেতাকর্মীরা নিজস্ব অর্থায়ন ও ফান্ড সংগ্রহের মাধ্যমে একটি ডাবল ডেকার বাসের ব্যবস্থা করেন। এতে অন্তত ১১০ জন শিক্ষার্থী স্বাচ্ছন্দ্যে ঈদযাত্রা করতে পারবেন।
জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ঈদের সময় শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে প্রশাসনের উদ্যোগ প্রশংসনীয়। কিন্তু অতিরিক্ত যাত্রীর চাপ থাকায় অনেকেই বাস না পাওয়ার শঙ্কায় ছিলেন। উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের অনুরোধের পর নিজেদের উদ্যোগেই এই বাসের ব্যবস্থা করা হয়েছে।
এর আগে ভূমিকম্পের সময়ও শিক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করেছিল ছাত্রদল। যে কোনো পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে থাকাই তাদের লক্ষ্য বলে জানানো হয়। পুরো উদ্যোগে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা দিয়েছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। শেষ মুহূর্তে বাসের ব্যবস্থা হওয়ায় শিক্ষার্থীদের বাড়ি ফেরা নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কমেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন