সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬,

শাবিপ্রবি শিক্ষার্থীকে জিম্মি করে ছিনতাই, আটক ১

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২, ২০২৬, ১১:৩১ এএম

শাবিপ্রবি শিক্ষার্থীকে জিম্মি করে ছিনতাই, আটক ১

ছবি : সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ভুক্তভোগী শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় এক ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। শনিবার রাতে সিলেটের গোয়াবাড়ি চা-বাগান এলাকায় এই ঘটনা ঘটে।ছিনতাই করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাতটার দিকে গোয়াবাড়ির কুচারপাড়ায় টিউশনি পড়াতে যান ভুক্তভোগী শিক্ষার্থী। রাত নয়টার দিকে ফেরার পথে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের বিদেশি হোস্টেলের সামনে পৌঁছালে তিন দুর্বৃত্ত তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাকে পাশের চা-বাগানের ভেতরে নিয়ে গিয়ে মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

টাকা ও মোবাইল নেওয়ার পরও অভিযুক্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আহত অবস্থায় সামনে এগিয়ে স্থানীয়দের কাছে সাহায্য চান ভুক্তভোগী শিক্ষার্থী। এলাকাবাসীর তাৎক্ষণিক সহযোগিতায় তিন ছিনতাইকারীর মধ্যে একজনকে হাতেনাতে আটক করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাস্থলে এসে আটক ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করে।

প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আটক একজনকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এবং মামলার উদ্যোগ নেওয়া হয়েছে। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল হাবিব জানিয়েছেন, শনিবার রাতেই একজনকে থানায় আনা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়ের করার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।