আগস্ট ১০, ২০২৬, ১০:২৩ পিএম
বর্তমান বিএনপি সরকার দেশের শিক্ষাব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করার পাঁয়তারা করছে বলে গুরুতর অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের বা ডাকসুর ভিপি সাদিক কায়েম। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিআরসিএ থেকে সরিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা হস্তান্তরের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন।
সোমবার ডাকসু কার্যালয়ের সামনে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে তিনি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সম্ভাব্য দুর্নীতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।বক্তব্য প্রদানকালে সাদিক কায়েম অভিযোগ করেন যে নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে নিয়োগ বাণিজ্য এবং কোটাপ্রথাকে আবারও সমাজে ফিরিয়ে আনার অপচেষ্টা চালানো হচ্ছে।
তিনি স্পষ্টভাবে জানান যে, শিক্ষক নিয়োগের ক্ষমতা যদি পুনরায় ম্যানেজিং কমিটির হাতে দেওয়া হয়, তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রথমে কমিটি গঠন নিয়ে বাণিজ্য শুরু হবে এবং তার পরপরই শুরু হবে ব্যাপক নিয়োগ বাণিজ্য। এর ফলে প্রকৃত মেধাবীরা শিক্ষকতা পেশা থেকে বঞ্চিত হবেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে ডাকসু ভিপি বলেন যে একটি বৈষম্যহীন ও মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় দেশের অসংখ্য মানুষ নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। কিন্তু দুই বছর পার হতে না হতেই বর্তমান সরকার সেই মহান আকাঙ্ক্ষা ধারণ করতে ব্যর্থ হচ্ছে বলে তিনি দাবি করেন।শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিতর্কিত এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে আগামীকাল মঙ্গলবার বিকেল তিনটার আলটিমেটাম দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয় এই বিক্ষোভ সমাবেশ থেকে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন