আগস্ট ১৩, ২০২৬, ১০:২৪ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-র উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ১৩টি হল মসজিদ ও কেন্দ্রীয় মন্দিরে ধর্মীয় পাঠাগার চালু করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘জাকসু রিলিজিয়াস লাইব্রেরি ইনিশিয়েটিভ’ শীর্ষক এই প্রকল্পের আওতায় বই ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।বৃহস্পতিবার বিকেলে জাকসুর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই পাঠাগারগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
একই সঙ্গে কেন্দ্রীয় মন্দিরে পাঠাগার স্থাপনের সুবিধার্থে ৫০ হাজার টাকার অনুদান তুলে দেওয়া হয়। জাকসুর এজিএস ফেরদৌস আল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন হলের প্রোভোস্ট ও হল সংসদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সোহেল রানা বলেন, এই ধরনের আয়োজন মানসিক প্রশান্তি ও মূল্যবোধ চর্চার সুযোগ তৈরি করে দেয়। ধর্মীয় এই লাইব্রেরিগুলোর পরিধি সম্প্রসারণ ও যথাযথ সংরক্ষণে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক থাকার আহ্বান জানান তিনি।
জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ধর্মীয় মূল্যবোধ হতাশায় ভোগা মানুষকে আশাবাদী করতে পারে। লাইব্রেরিগুলোতে কেবল ধর্মীয় বিষয় নয়, বরং জীবন ও সমাজ উন্নয়নের বইয়ের সংগ্রহ গড়ে তোলার চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় মন্দিরের স্থায়ী জায়গা নির্ধারণ ও তা দ্রুত সংস্কারের দাবি জানান।নবাব সলিমুল্লাহ হলের ইমাম সাইফুল্লাহ সাদ বলেন, মানবিক ও কল্যাণকর নাগরিক হিসেবে গড়ে উঠতে ধর্মীয় জ্ঞানের গুরুত্ব অপরিসীম। এই বইগুলো শিক্ষার্থীদের জীবন গঠনে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন