সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১১:২৩ এএম
জিন্নাহর ছবি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় প্রদর্শনকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এই বিতর্কের মধ্যে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সংগ্রহশালা থেকে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর সেই ছবিটি নিজ উদ্যোগে সরিয়ে নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু তৈয়ব মো. হাবিলদার।
ঘটনাটির পর থেকেই ক্যাম্পাস ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় উঠে এসেছেন এই শিক্ষার্থী। আবু তৈয়ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ শিক্ষাবর্ষের উর্দু বিভাগের শিক্ষার্থী ছিলেন। এক-এগারোর সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ছাত্র আন্দোলনের কারণে পরবর্তীতে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাকে ছাত্রত্ব থেকে আজীবন বহিষ্কার করে। দীর্ঘ দেড় দশক পর ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত রক্তাক্ত গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আবেদন জানালে তার ছাত্রত্ব পুনর্বহাল করা হয়। এরপর ২০২৫ সালে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে তিনি সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন, যেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ।
ঐতিহাসিক চেতনা রক্ষার তাগিদ থেকেই এই পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আবু তৈয়ব বলেন, বাঙালি জাতির মুখের ভাষা কেড়ে নেওয়ার পক্ষে সরাসরি অবস্থান নেওয়া জিন্নাহর ছবি এই পবিত্র সংগ্রহশালায় ঝুলিয়ে রাখা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভাষা আন্দোলনের সঠিক ইতিহাসকে অবিকৃত রেখে তার প্রকৃত ঐতিহাসিক ভূমিকাকে স্পষ্টভাবে জাতির সামনে উপস্থাপন করা জরুরি।
ঢাকা বিশ্ববিদ্যালয়কে রক্তের গৌরব বহনকারী সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে উল্লেখ করে তিনি জানান, বাহান্নর ভাষা আন্দোলন এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধসহ এদেশের প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের আত্মত্যাগ রয়েছে। তাই এমন স্পর্শকাতর প্রতিষ্ঠানে ইতিহাস সংরক্ষণের ক্ষেত্রে কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন