সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৯:৫২ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে, যেখানে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল বিপুল ভোটে জয়লাভ করেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এই চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনের ফলাফলে দেখা যায়, সহসভাপতি (ভিপি) পদে ছাত্রশিবিরের সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা ৩ হাজার ৩৮৯ এবং স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন ৩ হাজার ৮৮৪ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বারী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট। প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু ৪ হাজার ৯৪৯ ভোট পেয়েছেন।
সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মুহা. মহিউদ্দীন খান ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট।
সোমবার বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকে সারারাত ধরে ভোট গণনা চলে। এরই মধ্যে, নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা এবং ছাত্রদলের আবিদুল ইসলাম খান নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তাদের এই বর্জনের ঘোষণার পরও ফলাফল ঘোষণা করা হয়েছে এবং ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বিজয় নিশ্চিত হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন