বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

এজিএস নির্বাচিত হয়ে মহিউদ্দীনের প্রথম বার্তা: আমানতের রক্ষণাবেক্ষণ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৫, ১০:৩৭ এএম

এজিএস নির্বাচিত হয়ে মহিউদ্দীনের প্রথম বার্তা: আমানতের রক্ষণাবেক্ষণ

ছবি - সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মো. মহিউদ্দীন খান বিপুল ভোটে জয়লাভ করেছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়, যেখানে তিনি ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট।

বিজয়ী হওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে মহিউদ্দীন খান লেখেন, 'আলহামদুলিল্লাহ। আমরা আমাদের এই ঐতিহাসিক বিজয়কে তখনই পূর্ণ মনে করব, যেদিন আমরা আমাদের প্রতিশ্রুতিগুলো পূর্ণ করতে পারব। এই আমানতের রক্ষণাবেক্ষণ আমাদের প্রথম অঙ্গীকার।' তিনি আরও বলেন, 'বন্ধুর এই যাত্রায় সকল বাধা মাড়িয়ে আমরা সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই। সমর্থন, পরামর্শ আর সমালোচনার মাধ্যমে আমাদের আপনারা পথ দেখাবেন সেই প্রত্যাশা রাখি। আল্লাহ আমাদের হঠকারী এবং অহংকারীতে পরিণত হওয়া থেকে পরিত্রাণ দান করুন, আমাদের পথকে মসৃণ করে দিন।'

এদিকে, ডাকসুর সহসভাপতি (ভিপি) পদে শিবির সমর্থিত আবু সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। তবে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন আবিদুল ইসলাম খান ও স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা। তারা নির্বাচনের ব্যাপক সমালোচনা করে কারচুপির অভিযোগ এনেছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৮৭৪ জন। ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ চলে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এরপর সারারাত ধরে ভোট গণনা করা হয়। ডাকসুর ২৮টি পদের জন্য ৪৭১ জন প্রার্থী এবং হল সংসদের ২৩৪টি পদের জন্য ১ হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।