সেপ্টেম্বর ১০, ২০২৫, ১০:৪১ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় সিনেট ভবন থেকে নির্বাচন কমিশন এই ফল ঘোষণা করে। ফলাফল অনুযায়ী, ডাকসুর ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতেই ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা জয়লাভ করেছেন। বাকি তিনটি পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
ডাকসুর মোট ২৮টি পদের মধ্যে ১৩টি সদস্যপদ এবং বাকিগুলো সম্পাদকীয় পদ। সম্পাদকীয় পদগুলোতে যারা জয়ী হয়েছেন তাদের মধ্যে আছেন ভিপি পদে আবু সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মুহা মহিউদ্দীন খান। এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ফাতেমা তাসনিম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার, কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে ছালমা, আন্তর্জাতিক সম্পাদক পদে জসীমউদ্দিন খান, ক্রীড়া সম্পাদক পদে আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক পদে আসিফ আব্দুল্লাহ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে এম এম আল মিনহাজ এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে মো. জাকারিয়া নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সানজিদা আহমেদ তন্বি এবং সমাজসেবা সম্পাদক পদে যুবাইর বিন নেছারী।
ফলাফলে আরও দেখা যায়, ভিপি পদে সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়েছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। জিএস পদে এস এম ফরহাদ ১০ হাজার ৮৯৪ এবং এজিএস পদে মহিউদ্দীন খান ৯ হাজার ৫০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
উল্লেখ্য, এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদের জন্য ৪৭১ জন এবং ১৮টি হল সংসদের ২৩৪টি পদের জন্য ১ হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৮৭৪ জন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন