বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,
জরুরি সভা

জাকসু নির্বাচনের ভোট গণনা বন্ধ, চলছে জরুরি সভা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৬:৫৮ পিএম

জাকসু নির্বাচনের ভোট গণনা বন্ধ, চলছে জরুরি সভা

ছবি - সংগৃহীত

ভোট গণনার মাঝেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের গণনা কার্যক্রম বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষকদের নিয়ে একটি জরুরি সভা ডেকেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশন থেকে ভোট গণনা কার্যক্রম বন্ধের ঘোষণা আসে। এরপরই হলগুলো থেকে ব্যালট বাক্স নিয়ে আসা শিক্ষক ও নির্বাচন কমিশনের সদস্যরা একটি জরুরি বৈঠকে বসেন। এই সময়ে ছাত্র শিবির সমর্থিত প্যানেল এবং স্বতন্ত্র ভিপি প্রার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রবেশ করেন।

এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে হলগুলো থেকে ব্যালট বাক্সগুলো সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার কিছু পর থেকে ভোট গণনার কাজ শুরু হয়।

ভোট গণনা শুরু হলেও প্রক্রিয়া নিয়ে একাধিক প্যানেল ও প্রার্থীর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। শিক্ষকদের অনেকেই ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। তারা বলছেন, ওএমআর পদ্ধতি ব্যবহার না করে হাতে গণনা করার কারণে ফলাফলে বিলম্ব হচ্ছে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পরিস্থিতিতে দ্রুতই একটি সমাধানে পৌঁছানোর জন্য জরুরি সভা আহ্বান করা হয়েছে। এই সভার সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে পরবর্তী কার্যক্রম।