রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চাকসু নির্বাচনে অংশ নিচ্ছেন না তিন আলোচিত সমন্বয়ক

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৮:২৩ পিএম

চাকসু নির্বাচনে অংশ নিচ্ছেন না তিন আলোচিত সমন্বয়ক

ছবি - সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নেতৃত্ব দিয়ে আলোচিত হওয়া তিন সমন্বয়ক আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশ নিচ্ছেন না। এই তিন নেতা হলেন রাসেল আহমেদ, খান তালাত মাহমুদ রাফি এবং আল মাসনূন।

এই সিদ্ধান্তের পেছনে অভ্যন্তরীণ কোন্দল, সমন্বয়হীনতা, ডাকসু ও জাকসুতে ভরাডুবি এবং কেন্দ্র থেকে নির্দেশনা না পাওয়ার মতো কারণ রয়েছে বলে জানা গেছে।এই তিন নেতার মধ্যে, রাফি এবং মাসনূন গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) নেতা।

রাফি বাগছাসের কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক এবং মাসনূন চবি শাখার সদস্যসচিব। অন্যদিকে, রাসেল আহমেদ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক।

নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়ে জানতে চাইলে রাসেল আহমেদ বলেন, ‘আমি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমার মূল লক্ষ্য হচ্ছে দেশের জন্য বড় পরিসরে কাজ করা। তাই আমি চাকসু নির্বাচনে অংশ নিচ্ছি না।’

তিনি আরও বলেন, তিনি লালমনিরহাট-২ আসনে নিয়মিতভাবে গণসংযোগ এবং উন্নয়নমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছেন।খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘ক্যাম্পাসে আমার সিনিয়র আরও অনেকগুলো সেশন রয়েছে। আমার কাছের অনেক সিনিয়র, জুনিয়র, বন্ধুরা নির্বাচনে অংশগ্রহণ করছে।

উনাদের প্রতি আমার সহযোগিতা থাকবে।’ তিনি আরও জানান, এটি সম্পূর্ণ ব্যক্তিগত এবং তার সংগঠনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে নেওয়া সিদ্ধান্ত, এর পেছনে কোনো রাজনৈতিক চাপ নেই।