সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৯:০১ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন পেছানোর সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে শিবির সমর্থিত প্যানেল। বিশ্ববিদ্যালয়ে চলমান 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচির কারণে নির্বাচন কমিশন নতুন তারিখ নির্ধারণ করে আগামী ১৬ অক্টোবর ভোটগ্রহণের ঘোষণা দিয়েছে। এর আগে, নির্বাচনটি ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সোমবার (২২ সেপ্টেম্বর, ২০২৫) রাতে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।নির্বাচনের তারিখ পরিবর্তনের এই সিদ্ধান্তকে ছাত্রদল ও বামজোট স্বাগত জানালেও, শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান এই সিদ্ধান্তকে 'প্রহসন' এবং 'নির্বাচন বানচালের ষড়যন্ত্র' বলে অভিহিত করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
নির্বাচন কমিশন বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি চলার কারণে এবং নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব না হওয়ায় নির্বাচনের তারিখ পেছানোর এই সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর পোষ্য কোটাকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এবং উপ-উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনার পর থেকেই শিক্ষক-কর্মকর্তারা ক্যাম্পাস 'কমপ্লিট শাটডাউন' ঘোষণা করেছেন। অভিযুক্তদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে তারা জানিয়েছেন। এই পরিস্থিতির কারণে অনেক শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে যাচ্ছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন