বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,

রাকসু নির্বাচন পেছানো নিয়ে শিবির ভিপি প্রার্থীর তীব্র প্রতিক্রিয়া

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২৫, ১১:২৪ পিএম

রাকসু নির্বাচন পেছানো নিয়ে শিবির ভিপি প্রার্থীর তীব্র প্রতিক্রিয়া

ছবি - সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন পেছানোর সিদ্ধান্তকে 'একটি নির্দিষ্ট দলকে সুযোগ দেওয়ার ষড়যন্ত্র' বলে মন্তব্য করে তীব্র নিন্দা জানিয়েছেন শিবির প্যানেলের ভিপি প্রার্থী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ।

সোমবার (২২ সেপ্টেম্বর, ২০২৫) রাত ৯টায় রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।মোস্তাকুর রহমান বলেন, "নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। এর আগেও দফায় দফায় রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে।"

তিনি অভিযোগ করেন যে, এর আগে ছাত্রদলকে সুবিধা দিতে মনোনয়ন ফরম বিতরণের সময়সীমা বাড়ানো হয়েছিল এবং আজকেও ছাত্রদলের অবস্থান দেখেই নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে।তিনি আরও বলেন, "নির্বাচন কমিশনের এমন একতরফা সিদ্ধান্ত আমরা মানি না।"

তিনি ১৬ অক্টোবর ঘোষিত নতুন তারিখও পরিবর্তনের আশঙ্কা প্রকাশ করেন এবং কমিশনের এই 'একচেটিয়া সিদ্ধান্তের' তীব্র নিন্দা জানান।সংবাদ সম্মেলনের পর রাত সাড়ে ৯টার দিকে রাবি শাখা ছাত্রশিবির এই সিদ্ধান্তের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেয়।

এ বিষয়ে জানতে চাইলে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, "সবদিক বিবেচনা করেই আমাদের তারিখ পরিবর্তন করতে হয়েছে। পোষ্য কোটা ইস্যুতে শাটডাউন থাকায় আমাদের কাজে ব্যাঘাত ঘটেছে। আমরা আশা করছি, ১৬ অক্টোবর উৎসবমুখর পরিবেশে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।"